মেট্রোরেলের হাই-ভোল্টেজ ট্র্যাকে একটি বিড়ালের অনুপ্রবেশের ঘটনায় শনিবার (১৩ জুন) বেলা ১১টা ৪০ মিনিট থেকে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কোন স্টেশনের কোন অংশে বিড়ালটি প্রবেশ করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনে কোনো প্রাণীর উপস্থিতি বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে বলে জানানো হয়েছে।
হঠাৎ সেবা বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভোগান্তি দেখা দেয়। দীর্ঘ সময় অপেক্ষার পর অনেকেই বিকল্প পরিবহন ব্যবহার করে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন যাত্রীদের স্টেশনে প্রবেশ সীমিত করা হয়েছে। একই সঙ্গে যারা টিকিট কেটে বা পাঞ্চ করে স্টেশনে প্রবেশ করেছিলেন, তাদের ভাড়া ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ।
মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, ট্র্যাক সম্পূর্ণ ঝুঁকিমুক্ত ও নিরাপদ নিশ্চিত করার কাজ চলছে। নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই দ্রুত ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে।