রাজধানীর মেট্রোরেল লাইন-৬-এর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশ ২০২৭ সালের এপ্রিলে বাণিজ্যিকভাবে চালু করার পরিকল্পনা রয়েছে। এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)-এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব।
তিনি জানান, বর্ধিত অংশে যাত্রীসেবা শুরুর আগে ২০২৭ সালের জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে খালি ট্রেন চালানো হবে। নিয়মিত যাত্রীসেবা শেষ হওয়ার পর রাতের বেলায় উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটে এই ট্রায়াল রান পরিচালিত হবে।
প্রকল্প কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মতিঝিল-কমলাপুর ১ দশমিক ১৬ কিলোমিটার সম্প্রসারণ প্রকল্পের প্রায় ৭৭ শতাংশ কাজ শেষ হয়েছে। বর্তমানে স্টেশনের স্থাপত্য, প্রবেশ ও বের হওয়ার পথ এবং অন্যান্য অবকাঠামোগত কাজ চলছে।
তারা জানান, কমলাপুর স্টেশনের পাইল, পাইল ক্যাপ, পিয়ার, স্টেশন কলাম, কনকোর্স ছাদ, প্ল্যাটফর্ম স্ল্যাব, ট্র্যাক স্ল্যাব, প্যারাপেট ওয়াল এবং স্টিলের ছাদ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।
এ ছাড়া স্টেশনের স্বয়ংক্রিয় দরজা, সিগন্যালিং সিস্টেম এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম শিগগিরই স্থাপন করা হবে। আগামী দুই মাসের মধ্যে ট্র্যাক বসানোর কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ, অভ্যন্তরীণ টাইলস, স্থায়ী কাচ বসানো এবং রং করার কাজ চলমান রয়েছে। একই সঙ্গে উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে প্রয়োজনীয় প্রিকাস্ট সেগমেন্ট তৈরির কাজও এগিয়ে চলছে।
উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত লাইন-৬-এর মোট দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার। এর আগে ২০২৩ সালের নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল শুরু হয়।