ইসলামী ব্যাংককে ঘিরে সাম্প্রতিক বিতর্ক, ব্যবস্থাপনা পরিবর্তন এবং গ্রাহক বিক্ষোভের বিষয়ে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কোনো প্রতিষ্ঠান বা রাজনৈতিক দলকে ইসলামের সঙ্গে একাকার করে দেখানো উচিত নয় এবং সবকিছুতে ইসলামের দোহাই দেওয়া ঠিক নয়।
মঙ্গলবার জাতীয় সংসদে ইসলামী ব্যাংকের শেয়ার মালিকানা ও ব্যবস্থাপনা সংক্রান্ত একটি নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান এবং এর পরিচালনা ও ব্যবস্থাপনা দেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে। ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ পরিবর্তনের ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, ব্যাংকটিকে কেন্দ্র করে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তার দাবি, কিছু ব্যক্তি ও গোষ্ঠী নিজেদের স্বার্থে গ্রাহকদের ব্যবহার করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তিনি আরও জানান, ইসলামী ব্যাংকের বিভিন্ন কার্যক্রম, ঋণ বিতরণ এবং আর্থিক অনিয়মের অভিযোগ তদন্ত করা হবে। পাশাপাশি অতীতে চাকরিচ্যুত কর্মীদের বিষয়টিও খতিয়ে দেখা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃত শেয়ারহোল্ডারদের অধিকার নিশ্চিত করা এবং ব্যাংকের আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।