প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি ও চোরাচালান বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
একই সঙ্গে তেলের দাম স্থিতিশীল রাখতে সরকার প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এ বিষয়ে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম।
চিফ হুইপ বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেলেও বাংলাদেশে তা নিয়ন্ত্রণে রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে তেলের দাম স্থিতিশীল রাখার উদ্যোগ নিয়েছে। তবে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে এবং সীমান্ত দিয়ে তেল পাচারের অভিযোগও পাওয়া গেছে। এসব প্রতিরোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিরুনি অভিযানসহ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সংসদীয় স্থায়ী কমিটি গঠন প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে আজ বিস্তারিত আলোচনা না হলেও আগামী বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত হতে পারে। পাশাপাশি সংরক্ষিত নারী আসনসহ অন্যান্য বিলের বিষয়ে ৩০ মার্চের মধ্যে প্রতিবেদন উপস্থাপনের লক্ষ্য নিয়ে কাজ চলছে।
বৈঠকের শুরুতে স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং মোনাজাত করা হয়। এছাড়া সাম্প্রতিক বাস ও ট্রেন দুর্ঘটনা নিয়ে আলোচনা হয়। কেন এসব দুর্ঘটনা ঘটছে এবং ভবিষ্যতে তা প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদীয় কমিটিকে অবহিত করেন।