এ সময় ড. আজহারি বলেন, ইসলাম ছাড়া আমরা অন্যকিছু মানি না, মানবো না। ইসলামবিরোধী কোনো মতবাদ মানবো না। ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা ইসলামকে মাটির নিচে পুঁতে রাখতে চায়, ওরা জানে না ইসলামের ধর্ম কী। ইসলাম চারা বীজের মতো, ইসলামকে জমিনে গেড়ে দিলে শাখা-প্রশাখার মতো আসমানের দিকে উঠে যায়।
তিনি বলেন, এ পৃথিবীতে সবচেয়ে দামি হলো বিশ্বাস। বিশ্বাস ছাড়া জগত চলে না। স্বামী-স্ত্রীর সম্পর্ক কীসের ওপর টিকে থাকে। বিশ্বাসের ওপর টিকে থাকে। পার্টনারশিপের ব্যবসাও টিকে থাকে বিশ্বাসের ওপর। বিশ্বাসীরা টিকে না থাকলে পৃথিবী আল্লাহ টিকিয়ে রাখতেন না।
একজন বিশ্বাসী বেঁচে থাকলে আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন না। তিনি বলেন, ৬টি বিষয়ে বিশ্বাস রাখাই হলো ঈমান। ইমান ছাড়া নেক আমলের কোনো স্বীকৃতি নেই। যার হৃদয়ে ইমান আছে, সেই সফল। সফল হয়েছেন যারা, ইমান এনেছেন তারাই। ইমান হলো সফলতার মাপকাটি।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে স্থানীয় জামায়াতে ইসলামীর সামাজিক সংগঠন আল ইসলাম ট্রাস্ট আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের বলে মৌলবাদী। আমরা আসল কথা বলি, ভালো কথা বলি, দেশ প্রেমের কথা বলি, জনগণের কথা বলি, আমরা মা-মাটির কথা বলি, ইসলামের কথা বলি, দেশের সমৃদ্ধির কথা বলি। এজন্য আমাদের বলে মৌলবাদী। আবার আমাদের বলে ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্মের কথা প্রচার করি, যেটা দেশের জন্য, জনগণের জন্য ভালো।