রোকুনুজ্জামান, জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নির্ধারিত কেন্দ্রগুলোতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ৬০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১ হাজার ২৫১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৮ জন। ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮০ দশমিক ৫৮ শতাংশ।
ভর্তি পরীক্ষা চলাকালীন কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি। তিনি বিভিন্ন হল ঘুরে দেখেন এবং পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি পরীক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সুবিধা-অসুবিধার বিষয়ে কথা বলেন।
পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান।
এছাড়া শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হকসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।