নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইন্ডাস্ট্রি ব্যবসা আর চলবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা–২৫’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সাদিক কায়েম বলেন, “ফ্যাসিবাদী আমলে একটি দল মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে ইন্ডাস্ট্রি বানিয়েছিল। শাহবাগ কায়েম করার মধ্য দিয়ে তারা বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। কিন্তু নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইন্ডাস্ট্রির কোনো ব্যবসা চলবে না। জুলাই চেতনা নিয়ে যারা ব্যবসা করতে চাইবে, তাদের ব্যবসাও চলবে না।”
তিনি বলেন, “শুধুমাত্র জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে যারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, সেই রাজনীতিই চলবে। শহিদদের আত্মত্যাগ ও গাজীদের সেক্রিফাইসের ফলেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখন আমাদের দায়িত্ব ইনসাফভিত্তিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা।”
ডাকসু ভিপি আরও বলেন, “নতুন বাংলাদেশের রাজনীতি হবে ওয়েলফেয়ার অ্যান্ড পলিটিক্স—অর্থাৎ জনগণের কল্যাণকেন্দ্রিক রাজনীতি। এখানে মাসল পলিটিক্স, চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা ফাও খাওয়ার রাজনীতি কোনোভাবেই চলবে না।”
তিনি কঠোর ভাষায় সতর্ক করে বলেন, “যারা ফ্যাসিবাদের রাজনীতি ফিরিয়ে আনতে চায়, তারা দিল্লির বয়ান দেয়। মুজিববাদী বয়ানের আড়ালে তারা আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চায়। কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছিল, এবার তার চাইতেও ভয়াবহ পরিণতি হবে।”