চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সোহরাওয়ার্দী হল সংসদের কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ।
আবু আয়াজ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সোহরাওয়ার্দী হল শাখার প্রকাশনা সম্পাদক। তিনি ওই হলের আবাসিক ছাত্র হিসেবেও পরিচিত।
পারিবারিক সূত্রে জানা যায়, আবু আয়াজ ও ভিপি সাদিক কায়েমের বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর গ্রামে। তাদের বাবা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা হলেও ব্যবসার কারণে প্রায় চার দশক আগে পরিবারসহ স্থায়ীভাবে খাগড়াছড়িতে বসবাস শুরু করেন। আবু আয়াজ সাদিক কায়েমের একমাত্র ভাই, তাদের আরও তিন বোন রয়েছে।
অন্যদিকে, চাকসুর সামগ্রিক নির্বাচনে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্রার্থী ইব্রাহীম হোসেন রনি ভিপি পদে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ২২১ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪ হাজার ৮৫ ভোট।
জিএস পদে একই জোটের প্রার্থী সাঈদ বিন হাবিব ৭ হাজার ২৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শাফায়াত হোসেন পেয়েছেন মাত্র ২ হাজার ৪৩৩ ভোট।
এছাড়া এজিএস পদে ছাত্রদল–সমর্থিত আইয়ুবুর রহমান তৌফিক ৬ হাজার ৪৩১ ভোট পেয়ে এগিয়ে আছেন।
নির্বাচন শেষে শিবির–সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট ক্যাম্পাসজুড়ে বিজয় মিছিল বের করে। তবে ছাত্রদল ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছে এবং পুনর্গণনার দাবি জানিয়েছে।