আবু তাহের, ক্যাম্পাস সংবাদদাতা, জাককানইবি
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে উপাচার্যকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
পত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ নং-১০, ১৯৭৩) এর ৪(১)(গ) ও ৪(৪) ধারার আলোকে কমিশনের গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ৫ অক্টোবর ২০২৫ থেকে পরবর্তী দুই বছরের জন্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে ইউজিসির খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে।
পত্রে উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমকে অভিনন্দন জানিয়ে কমিশনের কার্যক্রম পরিচালনায় তাঁর পরামর্শ ও সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে।
অপরদিকে, খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত করায় ইউজিসি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক। তিনি ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন।