রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘দক্ষ চালক, নিরাপদ যাত্রা ও সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের ৩১৬ নম্বর কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সব ড্রাইভার ও হেলপার অংশগ্রহণ করেন।
রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক এবং কোতয়ালী ট্রাফিক জোনের পরিদর্শক মোহাম্মদ আতিকুর রহমান। তাঁরা নিরাপদ যাত্রা, দক্ষতা বৃদ্ধি ও সচেতনতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। তিনি বলেন, “পরিবহনখাতে দুর্ঘটনার বড় একটি অংশ ঘটে অদক্ষ চালক ও হেলপারদের কারণে। পাশাপাশি ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়িও দুর্ঘটনার জন্য দায়ী।”
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “প্রশিক্ষণ ও পরীক্ষায় উত্তীর্ণ না হয়েই ড্রাইভিং লাইসেন্স প্রদান দুর্ঘটনার বড় ঝুঁকি তৈরি করে। একজন দক্ষ চালকের টেকনিক্যাল জ্ঞান, গাড়ির ইঞ্জিন সম্পর্কে ধারণা এবং নৈতিকতা থাকা অপরিহার্য।”
কর্মশালার সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু লায়েক। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক মোঃ মেসবাহ-উল আজম সওদাগর।
দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা তাঁদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা লাভ করেন।