দেশে কতটি বোমা বিস্ফোরণ কিংবা কতগুলো যানবাহনে হামলার ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে বিবেচনা করা হবে, এমন প্রশ্ন তুলেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে হামলা এবং পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নিয়ে আলোচনার সময় তিনি এ প্রশ্ন তোলেন।
বক্তব্যে শফিকুল ইসলাম মাসুদ বলেন, পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীগুলো সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালাচ্ছে।
এসব ঘটনায় হতাহত হওয়ার পাশাপাশি সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে অত্যাধুনিক অস্ত্র থাকার বিষয়টিও বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের দৃশ্যমান পদক্ষেপ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সাজেকসহ পার্বত্য অঞ্চলের পর্যটন ও শিল্প খাত নিয়ে উদ্বেগ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে সরকারের ভূমিকা জানতে চান এই সংসদ সদস্য।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আগের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, কয়েকটি ককটেল বিস্ফোরণ বা যানবাহনে হামলাকে পরিস্থিতির অবনতি হিসেবে বিবেচনা করা না হলে, আরও কতটি হামলার ঘটনা ঘটলে পরিস্থিতির অবনতি বলে স্বীকার করা হবে?
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সাজেকের পরিস্থিতি নিয়ে সরকারও উদ্বিগ্ন। সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সমন্বিত উদ্যোগে সেখানকার পরিস্থিতি স্থিতিশীল রাখা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত বক্তব্য পরে সংসদে তুলে ধরবেন বলেও জানান তিনি।