সাত দিনের সফরে আগামী ১৩ নভেম্বর রাতে যুক্তরাজ্য যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ সফরে তাঁর সঙ্গে থাকবেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।
বুধবার (১১ নভেম্বর) সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সফরকালে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি ও হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।
এসব বৈঠকে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হবে।
সফরের অংশ হিসেবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা এবং ২০২৪ সালের জুলাইয়ের পর বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরবেন।
এহতেশাম হক আরও জানান, সফরে জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণের প্রভাব এবং গণতান্ত্রিক সংস্কার নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করবেন এনসিপি আহ্বায়ক।
এদিকে আগামী ১৬ নভেম্বর যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। সফরে প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা, অবদান ও প্রত্যাশা জানার বিষয়টিও গুরুত্ব পাবে।