ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্টের জন্য যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স ল চেম্বার কোনো আবেদন করেনি বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
তাঁর ভাষ্য, প্রতিষ্ঠানটি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) প্রয়োজনীয় নথিপত্র দ্রুত সম্পন্ন করার বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের কাছে পরামর্শ চেয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শিশির মনির বলেন, শেখ হাসিনার পক্ষে ম্যাট্রিক্স ল চেম্বারের আইনজীবী স্টিভেন কেসি বাংলাদেশ হাইকমিশনে একটি ই-মেইল পাঠিয়েছেন। তবে সেটিকে পাসপোর্টের আনুষ্ঠানিক আবেদন হিসেবে দেখার সুযোগ নেই। ই-মেইলে প্রয়োজনীয় নথিপত্র ও প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে।
তিনি জানান, শেখ হাসিনার পাসপোর্ট ২০২৫ সালের ৭ জানুয়ারি বাতিল করা হয়। আইন অনুযায়ী, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। তবে তাঁর পক্ষ থেকে এ ধরনের কোনো আপিল করা হয়নি বলে দাবি করেন এই আইনজীবী।
এ সময় শিশির মনির বলেন, আইনের অধীনে কোনো অধিকার দাবি করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। পাশাপাশি ম্যাট্রিক্স ল চেম্বারের বিভিন্ন আন্তর্জাতিক কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন তিনি।