সারা দেশে সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজনদের ডিলারশিপ দেওয়ার বিষয়টি উল্লেখ করে এ ধরনের চর্চা বন্ধের দাবি জানিয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কৃষিমন্ত্রীর উদ্দেশে সম্পূরক প্রশ্নে তিনি এসব অভিযোগ তোলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, বিভিন্ন এলাকায় সারের ডিলার নিয়োগে দলীয়করণ করা হয়েছে। ঠাকুরগাঁওয়ে ৩১টি ডিলারশিপের মধ্যে ২৮টি বিএনপিসংশ্লিষ্ট ব্যক্তিরা পেয়েছেন বলে দাবি করেন তিনি। তাঁদের মধ্যে অন্তত ১০ জন বিভিন্ন নেতার স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজন।
এ ছাড়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ডিও দেওয়ার অভিযোগও তোলেন তিনি। বিতর্কিত ডিলারশিপগুলো বাতিল করে পুনরায় যাচাই-বাছাই করা হবে কি না, কৃষিমন্ত্রীর কাছে তা জানতে চান।
জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানান, উপজেলা ও জেলা পর্যায়ে গঠিত কমিটির মাধ্যমে ডিলার নিয়োগের আবেদন যাচাই-বাছাই করা হয়েছে। জেলা পর্যায়ের কমিটির সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এ সময় মন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে সংসদে বিরোধী দলের সদস্যদের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। পরে ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।