মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিত ও বানচালের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে পৌরশহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ছাত্রশিবির বড়লেখা শহর শাখার সভাপতি আব্দুর রহমান এবাদের সভাপতিত্বে ও বড়লেখা উত্তর শাখার সভাপতি কাওসার আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের মৌলভীবাজার জেলা সেক্রেটারি মহসিন আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা মাদ্রাসা বিষয়ক সম্পাদক হুমায়ন কবির সাজু। এছাড়াও বক্তব্য রাখেন বড়লেখা পশ্চিম শাখার সভাপতি কামরান আহমদ, উত্তর শাখার সভাপতি জেবুল আহমদ, সুজাউল মাদ্রাসা শাখার সভাপতি নোমান আহমদ ও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখার সভাপতি সাব্বির আহমদসহ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, শাকসু নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়; এটি মেধাবী শিক্ষার্থী ও ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। একটি কুচক্রিমহল পরিকল্পিতভাবে এই নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে তারা অভিযোগ করেন।
বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবিলম্বে শাকসু নির্বাচন আয়োজন করতে হবে এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। তারা আরও হুঁশিয়ারি দেন, নির্বাচন বানচালের চেষ্টা অব্যাহত থাকলে ছাত্রশিবির রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।