নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনা সদরে রাস্তা পার হতে গিয়ে ট্রাক্টর (লরি) চাপায় মঞ্জুরা আক্তার (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এতে নিহতের মস্তিস্ক বের হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন তিনি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে নেত্রকোনা-কেন্দুয়া সড়কের লক্ষীপুর গ্রামের রেন্ট্রিতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মঞ্জুরা আক্তার সদর উপজেলার মদনপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের খোরশেদ আলমের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী স্থানীয় মুদি দোকানী নয়ন মিয়া জানান, বৃহস্পতিবার সকালে মঞ্জুরা আক্তার ধান ভাঙানোর কাজে রাইস মিলে যাচ্ছিলেন। এ সময় রাস্তা পার হতে গেলে নেত্রকোনা থেকে আসা কেন্দুয়াগামী একটি ট্রাক্টর (লরি) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত মঞ্জুরা আক্তারের চাচাতো ভাই হাদিস মিয়া বলেন, লরির চাপায় পিষ্ট হয়ে মঞ্জুরার মাথার মস্তক বের হয়ে গেছে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।