কুমিল্লার চৌদ্দগ্রামে ফ্যামিলি কার্ডের নামে প্রতারণার অভিযোগ তুলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উপজেলা সেক্রেটারি মু. বেলাল হোসাইন। তিনি বলেন, জনগণের সঙ্গে প্রতারণা করলে মানুষ তা কখনো মেনে নেবে না।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছাতিয়ানী দক্ষিণপাড়া এলাকায় ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকটি জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজন করা হয়।
বেলাল হোসাইন বলেন, চৌদ্দগ্রামের বিভিন্ন এলাকায় কিছু ব্যক্তি ফ্যামিলি কার্ড বিতরণ করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যারা এ ধরনের কার্ড দেখাবে, তাদের আজ থেকেই ‘হলুদ কার্ড’ দেখানো হচ্ছে। কিন্তু প্রতারণা অব্যাহত থাকলে জনগণ ‘লাল কার্ড’ দেখিয়ে তাদের প্রত্যাখ্যান করবে। তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত শুধু চৌদ্দগ্রাম নয়, সারা দেশের মানুষ এসব প্রতারকদের বিরুদ্ধে অবস্থান নেবে।
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের-কে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করা হবে, ইনশাআল্লাহ।
উঠোন বৈঠকে স্থানীয় তরুণ-যুবক, নারী ও বয়োজ্যেষ্ঠরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াত নেতা মো. ওমর ফারুক পণ্ডিত।