পটুয়াখালীর বাউফলে একই সঙ্গে নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে অনিক (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় সহযোগিতা করার অভিযোগে তার মা নুরজাহান বেগমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টায় অনিক তার এক বান্ধবীকে জরুরি কথা বলার জন্য বাসায় ডেকে আনেন। পরে ভুক্তভোগী তার অপর এক সহপাঠীকে সঙ্গে নিয়ে অনিকের বাসায় গেলে, বাসার দুইটি কক্ষে পালাক্রমে তাদের ধর্ষণ করেন অনিক। একজন অসুস্থ হয়ে পড়ায় তারা বাড়ি ফেরার সময় পায়নি। অনিকের মা নুরজাহান এই ঘটনায় তার ছেলেকে সহযোগিতা করেন।
পরদিন ভুক্তভোগী পরিবারকে সব ঘটনা জানালে, তারা থানায় এসে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত অনিক ঘটনার পর ঢাকায় পালিয়ে গেছে। ভুক্তভোগীদের মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।
বাউফল থানার ওসি মোহাম্মদ ছিদ্দিকুর জানান, অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে এবং ধর্ষণের সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।