আবু বক্কর সিদ্দিক, কক্সবাজার উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের রামুতে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’র কাছে পাচারের সময় বিপুল পরিমাণ যুদ্ধ সরঞ্জামসহ তিন পাচারকারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান এলাকায় একটি মিনিট্রাকে তল্লাশি চালিয়ে ১৬০০ পিস ম্যাগজিন রাখার প্রসেস (বাউন্ডলি) উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার কম্বনিয়া এলাকার মো. শাহজাহান (২৫), আশারতলী এলাকার মো. ইলিয়াছ (১৯) এবং ঘিলাতলী এলাকার আতিকুর রহমান (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে একটি মিনিট্রাক যোগে ভারী আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম মিয়ানমার সীমান্তে পাচার করা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে রামু-নাইক্ষ্যংছড়ি সড়কে অস্থায়ী চেকপোস্ট বসায় পুলিশ।
রাত পৌনে ২টার দিকে আল মদিনা রেস্তোরাঁর সামনে ট্রাকটি পৌঁছালে পুলিশ থামার সংকেত দেয়।
এসময় ট্রাক থেকে নেমে তিন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের আটক করে।
পরবর্তীতে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে সাদা চটের ৩২টি বস্তা উদ্ধার করা হয়।
বস্তাগুলো খুলে পাওয়া যায় ১৬০০ পিস ম্যাগজিন রাখার প্রসেস বা বাউন্ডলি, যা মূলত ভারী আগ্নেয়াস্ত্র বহনে ব্যবহৃত হয়। এসময় পাচার কাজে ব্যবহৃত মিনিট্রাকটিও জব্দ করা হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে, এই সরঞ্জামগুলো মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
তিনি আরও জানান, সীমান্ত দিয়ে অবৈধ সরঞ্জাম পাচারের এই বড় চালানের নেপথ্যে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ তাদের আদালতে সোপর্দ করা হবে।