কক্সবাজারের রামু উপজেলার কয়েকটি হোটেলে অভিযান চালিয়ে ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, প্রায় ৪০টি ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা আন্তর্জাতিক অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত বলে দাবি করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে রামু থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। আদালতে হাজির করার পর ছয়জনকেই কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও তদন্তের ভিত্তিতে মেরিন ড্রাইভসংলগ্ন কয়েকটি হোটেলে অভিযান চালানো হয়। প্রথমে ওই বিদেশি নাগরিকেরা বিভিন্ন প্রকল্পে কাজ করার কথা জানিয়েছিলেন। বিষয়টি সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে জানানোর পর ঢাকা ও অন্যান্য পর্যায়ের বিশেষায়িত তদন্ত দল অনুসন্ধান শুরু করে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. অহিদুর রহমান বলেন, চীনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর গ্রেপ্তার ব্যক্তিদের আন্তর্জাতিক অনলাইন প্রতারণা চক্রের সদস্য হিসেবে শনাক্ত করা হয়। সংশ্লিষ্ট দূতাবাস ও কর্তৃপক্ষের অনুমোদন এবং ঊর্ধ্বতন পর্যায়ের পর্যালোচনা শেষে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তের বরাতে পুলিশ জানিয়েছে, চক্রটি স্টারলিংক প্রযুক্তি ব্যবহার করে অনলাইন শেয়ারবাজার, জুয়া ও বিভিন্ন মুদ্রা-সংক্রান্ত প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করত।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, সংশ্লিষ্ট ব্যক্তিদের পাসপোর্ট আগেই ব্লক করা হয়েছিল। ইমিগ্রেশনসহ বিভিন্ন পয়েন্টে সতর্কতা থাকায় তারা চেষ্টা করেও বাংলাদেশ ছাড়তে পারেননি।
সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, রামুর মেরিন ড্রাইভ এলাকার ব্লু ওশ্যানসহ কয়েকটি হোটেলে কয়েক মাস ধরে অনেক চীনা ও তাইওয়ানের নাগরিক অবস্থান করছেন। তাদের মধ্যে কয়েকজন অনলাইনভিত্তিক সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।
জব্দ করা আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ডিভাইস কী কাজে ব্যবহার করা হতো, তা জানতে প্রযুক্তিগত পরীক্ষা চালাচ্ছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও ডিভাইসগুলোর তথ্য বিশ্লেষণের মাধ্যমে চক্রটির অন্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।
রামু থানার মামলাটি তদন্ত করছে পুলিশ। পাশাপাশি সিআইডিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থা এ বিষয়ে কাজ করছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান।