বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশের গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। মিথ্যা ও অসত্য তথ্য ছড়িয়ে কিছু উচ্ছৃঙ্খল লোকের মাধ্যমে দেশের গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের’ প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। তবে সব ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি রাজপথে ছিল, আছে এবং থাকবে।
তিনি বলেন, দু-একটি পটকা ফুটিয়ে দেশে ষড়যন্ত্র শুরু করা যাবে না। সব ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। বিএনপি রাজপথে আছে এবং ভবিষ্যতেও থাকব।
তিনি আরও বলেন, এই সরকার দেশের গণতন্ত্র রক্ষার দায়িত্ব নিয়ে কাজ করছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যাতে দেশের মানুষ দুই বেলা পেট ভরে খেতে পারে। বিএনপি মব তৈরি করে নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবকিছু পরিচালনা ও দেশের গণতন্ত্র রক্ষা করতে চায়।
জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ মুসলীম লীগের সভাপতি ব্যারিষ্টার নাসিম খানের সভাপতিত্বে এবং জোটের মুখপাত্র বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির (বিজিপি) চেয়ারম্যান এস এম শাহাদাতের সঞ্চালনায় আরও সমাবেশে আরও উপস্থিত ছিলেন- গণদলের চেয়ারম্যান এটিএম
গোলাম মাওলা চৌধুরী, এনপিপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, এনডিপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল, বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি সাইদ আহম্মেদ, ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, বাংলাদেশ ন্যাপের মহাসচিব আব্দুল বারিক, এনডিপি মহাসচিব জামিল আহম্মেদ, মুসলিম লীগের মহাসচিব রেজওয়ান মর্তুজা, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির মহাসচিব সাইফুল আলম, এনপিপি মহাসচিব জহির হোসেন প্রমুখ।