পটুয়াখালী-১ আসনে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি হাবিবুর রহমান হাওলাদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্রীয়ভাবে মনোনীত প্রার্থী থাকার পরও সোমবার বিকেলে নিজেকে পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করায় তাঁর বিরুদ্ধে এ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮টায় পটুয়াখালী পৌরসভার ইসলামী আন্দোলন জেলা কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া এ বহিষ্কারাদেশ ঘোষণা করেন। তিনি জানান,
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্র ঘোষিত সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)–এর নির্দেশে জেলা আমেলার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মুফতি হাবিবুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাঁর প্রার্থী পদও প্রত্যাহার করা হয়েছে।
একই সিদ্ধান্তে পটুয়াখালী জেলা শাখার অন্যতম সদস্য আলহাজ্ব হযরত মাওলানা আবুল হাসান বোখারীকে পটুয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলনের নতুন সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
এর আগে সোমবার বিকেল ৪টায় কলাপাড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুফতি হাবিবুর রহমান পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। তাঁর এ ঘোষণার পরপরই পুরো কলাপাড়া উপজেলায় বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
উল্লেখ্য, এরও আগে মুফতি হাবিবুর রহমান পটুয়াখালী-১ আসনে নিজের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে তিনি কোন রাজনৈতিক দল থেকে প্রার্থী হবেন—তা তখনও স্পষ্ট করেননি।