বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, পাখা দাঁড়িপাল্লা দিয়ে এই অঞ্চলে কোনো পরিবর্তন হবে না। তিনি আরও উল্লেখ করেন, জীবনে জিততে পারেননি, ভবিষ্যতেও জিততে পারবেন না।
আজ দুপুর বারোটায় উপজেলার মধ্য পাটুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চম্পাপুর ইউনিয়ন মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোশাররফ হোসেন আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রত্যেক পরিবারের বয়োজেষ্ঠ্য ব্যক্তিকে ফেমিলি কার্ডের আওতায় নিয়ে আসা হবে। বেকার যুবকদের বেকার ভাতার আওতায় আনা হবে। এছাড়া নারীদের উন্নয়নে বিগত দিনে বেগম জিয়া ব্যাপক ভূমিকা রেখেছেন এবং ক্ষমতায় গেলে ভবিষ্যতেও নারীদের উন্নয়নের কাজ করবে বিএনপি।
চম্পাপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি রাশিদা বেগমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চুন্নু ও উপজেলা মহিলা দলের সভানেত্রী এবং সম্পাদকসহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন।