মুন্সিগঞ্জ প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ-৩ আসনে মাঠে নেমেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তি। দলীয় নীতিনির্ধারকদের ঘোষিত রাজনৈতিক রোডম্যাপ সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এবং স্থানীয় ভোটারদের মতামত জানতেই তিনি গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেন।
শনিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার রিকাবিবাজার এলাকায় অনুষ্ঠিত গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় মানুষের উল্লেখযোগ্য অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
প্রচারণায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচির মূল দিকগুলো তুলে ধরেন মোশারফ হোসেন পুস্তি। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য আনতে এই ৩১ দফার বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
গণসংযোগে তিনি সাধারণ ভোটারদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত করার আহ্বান জানান। তরুণ ভোটারদের উদ্দেশে ‘তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ’ গঠনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধও করেন তিনি।
এ সময় দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা লিফলেটের মাধ্যমে ৩১ দফার সারসংক্ষেপ ও বিএনপির রাজনৈতিক অবস্থান জনসাধারণের মাঝে তুলে ধরেন।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, মাঠপর্যায়ে ধারাবাহিক গণসংযোগ চালিয়ে যাওয়া বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং নির্বাচনমুখী জনমত তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এর আগে শুক্রবার বিকেলে সদর উপজেলার সিপাহীপাড়া চৌরাস্তা এলাকাতেও একই ধরনের গণসংযোগ ও প্রচারণা চালান মোশারফ হোসেন পুস্তি।