নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার দুর্গাপুরে লুৎফর জামান ফকির নামের এক সাংবাদিক কে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ নভেম্বর) বিকালে সোমেশ্বরী নদীর ঘাট এলাকায় কাঠের সেতুর পাশে এ ঘটনা ঘটে। তিনি জেলার কলমাকান্দা উপজেলার হুগলা ইউনিয়নের বিটপুর শুনুই গ্রামের বাসিন্দা ও রূপসী বাংলা টেলিভিশনের নেত্রকোনা জেলা প্রতিনিধি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে সোমেশ্বরী নদীর ওপর নির্মিত কাঠের সেতুর ছবি তুলতে যায় লুৎফর জামান ফকির। সেতুর কাছে মোটরসাইকেল থেকে নামা মাত্রই কয়েকজন চাপাতি এলোপাথারি কোপাতে থাকে।
ওই সাংবাদিকের সাথে থাকা রূপসী বাংলা টেলিভিশনের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি শাজাহান শেখ ফিরাতে গেলে তাকেও কোপাবে বলে হুমকি দেয়। তার চিৎকার চেঁচামেচি শুনে আশপাশ থেকে লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
লুৎফরের সহযোগী শাজাহান শেখ জানান, দুর্গাপুরের শীর্ষ সন্ত্রাসী ইমনের নেতৃত্বে ১০-১২ জন সাংবাদিক লুৎফর জামান ফকিরের উপর অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করে। আমি ফেরাতে গেলে আমাকেও কোপাবে বলে হুমকি দেয়।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনিকা বলেন, লুৎফর জামান ফকির কে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘটনাটি শোনার পরেই হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। এ নিয়ে কোন অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।