মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ডাবল অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম লাভলু খান (৩২)। তিনি উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের রাজারচর গ্রামের নাজির খানের ছেলে।
টঙ্গীবাড়ি থানা সূত্রে জানা যায়, বুধবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজারচর এলাকায় অভিযান চালায়। অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা লাভলু খানকে গ্রেফতার করা হয়।
টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম জানান, “ডাবল অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতের স্থায়ী ওয়ারেন্ট ছিল। আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”
ওসি আরও বলেন, “লাভলু খান দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। পুলিশ তার অবস্থান শনাক্ত করার পর পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।”
স্থানীয় সূত্রে জানা গেছে, লাভলু খানের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ জানায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।