আক্কাছ আলী মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ সদর উপজেলার বানিয়াল মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মৌমাছির কামড়ে ১০ শিক্ষার্থী আহত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ে পরিচ্ছন্নতার কাজ করার সময় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মাহফুজ (১০), মাহদী (১০), হাবিব (১১), ইউসুফ (১০), জাহিদ হাসান (১২) ও রিফাত (১১)সহ সাত শিক্ষার্থীকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, ক্লাসের বিরতির সময় কয়েকজন শিক্ষার্থী শ্রেণিকক্ষ পরিষ্কার করছিল। এ সময় একজন দেয়ালে থাকা বড় মৌচাকে ঢিল ছোড়ার সঙ্গে সঙ্গে অসংখ্য মৌমাছি উড়ে এসে শিশুদের ওপর আক্রমণ করে। এতে আতঙ্কে শিক্ষার্থীরা ছুটোছুটি শুরু করে।
বিদ্যালয়ের শিক্ষক মো. রাসেল বলেন, “দুপুরে হঠাৎ শিশুদের চিৎকার শুনে বাইরে গিয়ে দেখি মৌমাছির ঝাঁক তাদের ঘিরে ধরেছে। দ্রুত সবাইকে নিরাপদে সরিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়।”
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন বলেন, “শিক্ষার্থীদের শরীরে একাধিক জায়গায় মৌমাছির হুল পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয়ের পুরোনো ভবনের দেওয়ালে অনেক দিন ধরে একটি বড় মৌচাক ছিল। এর আগে মৌমাছিগুলো কারও ক্ষতি করেনি। তবে এবার ঢিল ছোড়ার কারণে তারা উত্তেজিত হয়ে পড়ে।
বিদ্যালয় পরিচালনা কমিটির এক সদস্য জানান, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মৌচাকটি অপসারণের উদ্যোগ নেওয়া হবে।