সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের বুড়িমারী-চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে লক্ষাধিক টাকার মোবাইল ডিসপ্লে পাচারের চেষ্টাকালে একজন বাংলাদেশী ট্রাক চালককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ সকালে, ১৬ অক্টোবর, বুড়িমারী স্থলবন্দর সংলগ্ন চ্যাংড়াবান্ধা অংশে তল্লাশির সময় বিএসএফ এই বিপুল পরিমাণ মোবাইল ডিসপ্লে উদ্ধার করে।
বিএসএফ সূত্রে জানা যায়, পণ্যবাহী ট্রাকটি ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়।
চালকের কেবিনে লুকানো অবস্থায় আনুমানিক লক্ষাধিক টাকা মূল্যের মোবাইল ডিসপ্লেগুলো পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডিসপ্লেগুলো অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ পাচার করা হচ্ছিল।
আটককৃত বাংলাদেশী ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং উদ্ধারকৃত মালামালসহ তাকে চ্যাংড়াবান্ধা পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিএসএফের তৎপরতা আরও জোরদার করা হয়েছে।