মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মো. দুলাল উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
(মঙ্গলবার ৮ সেপ্টেম্বর) বিকেলে শাহজাদপুর থানার পোতাজিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার দুলাল উদ্দিন পোতাজিয়া সরকারপাড়া এলাকার মৃত আবু রোমা ও মোছা. আলেয়া খাতুনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের বিভাগীয় স্টাফ সহকারী পরিদর্শক মো. সহিদুল ইসলামের নেতৃত্বে একটি অভিযানিক দল গঠন করা হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে পোতাজিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট ও পোতাজিয়া যুব সংঘ ক্লাবের মার্কেটসংলগ্ন ‘দুলাল ভ্যারাইটি স্টোর’-এর সামনে পাকা রাস্তা থেকে দুলাল উদ্দিনকে আটক করা হয়।
পরবর্তীতে প্রত্যক্ষদর্শী সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার পরিহিত লুঙ্গির কোঁচ থেকে একটি স্টার সিগারেটের খালি প্যাকেটে রাখা ৫০ পিস (৫ গ্রাম) অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবা জব্দ করে আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহজাদপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুলাল দীর্ঘদিন ধরে মুদি দোকানের আড়ালে গোপনে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিলেন। অভিযানকে স্বাগত জানিয়ে এলাকাবাসী জানান, মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় এনে এলাকাকে মাদকের ছোবল থেকে রক্ষা করা প্রয়োজন।
এ বিষয়ে সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক দুলাল চন্দ্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। সকলের সহযোগিতা পেলে আমরা সিরাজগঞ্জ জেলাকে মাদকমুক্ত করতে পারব।”