মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি
ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের রামগড় অংশের বেহাল অবস্থার দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও কাঁদামাটির সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানাল স্থানীয়রা।
সোমবার সকালে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন উপজেলার সর্বস্তরের মানুষ। মানববন্ধন শেষে ক্ষুব্ধ এলাকাবাসী অভিনব প্রতিবাদ হিসেবে সড়কে ধানের চারা রোপণ করেন।
স্থানীয়দের অভিযোগ, রামগড় বাজার থেকে সোনাইপুল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা ভাঙাচোরা ও খালখন্দে ভরা। সামান্য বৃষ্টিতেই সড়ক কাদায় পরিণত হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে, ঘটছে দুর্ঘটনা। এতে শিক্ষার্থী ও পর্যটকরাও চরম দুর্ভোগে পড়ছেন।
মানববন্ধনে সাবেক কাউন্সিলর মো. মহিউদ্দিন হারুন বলেন, “প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, শিক্ষার্থীরাও ঝুঁকিতে রয়েছে। দ্রুত সংস্কার না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”