জিয়াউর রহমান,পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের নেছারাবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে শতাধিক ট্রলার নিয়ে বর্ণাঢ্য নৌবিহার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ছারছিনা ঘাট থেকে নৌবহরের যাত্রা শুরু হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজারো নেতাকর্মী এতে অংশ নেন। ট্রলারবহরটি নেছারাবাদের বিভিন্ন নৌপথ পরিভ্রমণ করে।
নৌবিহারে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী। বক্তব্যে তিনি বলেন, নেছারাবাদের বিভিন্ন এলাকায় নদীভাঙনের শিকার মানুষের কষ্ট আমরা কাছ থেকে দেখেছি। রাষ্ট্রক্ষমতায় গেলে নদীভাঙন রোধসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন—জেলা সহকারী সেক্রেটারি ও পিরোজপুর-২ আসনের প্রধান নির্বাচন পরিচালক মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানা আ. রাজ্জাক, উপজেলা জামায়াতের আমীর আবুল কালাম আজাদ, জেলা কর্মপরিষদ সদস্য মো. মহিউদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ, সহকারী সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলামসহ অনান্যরা।