নূর আলম, দুর্গাপুর
নেত্রকোণার দুর্গাপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন। রবিবার বিকালে এম.কে.সি.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, সুসং সরকারি মহাবিদ্যালয় ও শহীদ মিনার চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল, সুসং সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক ড. আব্দুর রাশিদ, এম.কে.সি. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমিতা রিচিল, ডিএসকের সহকারী পরিচালক শামছুল আলম খান, সুসং সম্মিলিত সাহিত্য পরিষদের সভাপতি মনজুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক কবি লোকান্ত শাওন, সাংগঠনিক সম্পাদক কবি বিদ্যুৎ সরকার, কবি শফিউল আলম স্বপন, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সহ-সভাপতি মোরশেদ আলম, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, সাংবাদিক শাহীন, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রূপক কুমার সরকার, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি আনাস ইবনু নজরুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
ফাউন্ডেশনের সভাপতি পলাশ সাহা বলেন,
“জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগকে স্মরণ ও শ্রদ্ধা জানাতেই আমাদের এ কর্মসূচি। এই বৃক্ষগুলো একদিন কালের সাক্ষী হয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই ইতিহাসের বার্তা পৌঁছে দেবে। আমাদের এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলতে থাকবে।”
এ মহতী উদ্যোগের জন্য শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান অতিথিরা।