নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রবিবার (২ আগস্ট) নান্দাইল উপজেলার চন্ডীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে আরাফাত হৃদয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘ক্লিন সানডে’ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় এবং বৃক্ষরোপণ ও বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্ডীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন সুলতানা, সহকারী শিক্ষক নজরুল ইসলামসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্যে ফজলে আরাফাত হৃদয় বলেন, সুস্থ থাকতে হলে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমরা সবাই স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে কাজ করব এবং একটি পরিচ্ছন্ন, উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখব।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর। দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদল ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক সেবামূলক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।