পোশাকশ্রমিকদের আন্দোলনের নামে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, এসব কর্মকাণ্ডে পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে। চলমান আন্দোলনকে প্রকৃত শ্রমিকদের আন্দোলন বলেও মনে করেন না তিনি।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ন্যায্য মজুরি নির্ধারণে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে। তাই এখন আন্দোলন চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শ্রমিকদের কর্মসংস্থান ও শিল্পকারখানার উৎপাদন যাতে ব্যাহত না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
তিনি জানান, আগামী ১ জানুয়ারি থেকে নতুন মজুরি কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে নির্ধারিত সময়ের আগেই মজুরি বোর্ডকে নতুন মজুরি ঘোষণা করতে বলা হয়েছে।
যত দ্রুত সম্ভব মজুরি নির্ধারণের প্রক্রিয়া শেষ হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।