রাজধানী ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। বুধবার (৪ নভেম্বর) দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে প্রতিনিধি দলে দলের কেন্দ্রীয় নেতারা ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং, চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।
‘দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে দলের সঙ্গে দলের মতবিনিময়ের ভূমিকা’ শীর্ষক আলোচনায় মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় জরুরি।
তিনি বলেন, ১৯৭৫ সাল থেকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সরকার পরিবর্তন হলেও রাজনৈতিক দলগুলোর পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখা প্রয়োজন।
চীনের দারিদ্র্য বিমোচন, সুশাসন ও পরিবেশ সংরক্ষণের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আগ্রহ প্রকাশ করেন জামায়াতের এই নেতা।
দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে গবেষণা কার্যক্রম জোরদার, তরুণ রাজনৈতিক নেতাদের প্রশিক্ষণ ও সফর বিনিময় এবং সাধারণ মানুষের কাছে সহযোগিতার সুফল পৌঁছে দেওয়ার তিনটি প্রস্তাব দেন তিনি।
এ ছাড়া রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন মিয়া গোলাম পরওয়ার।