আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরলে জামায়াত নেতা সাদিক কায়েমের মতো ব্যক্তিরা পুনরায় ছাত্রলীগে যোগ দেবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। একই সঙ্গে সাদিক কায়েমকে ‘গুপ্ত ছাত্রলীগ’ ও ‘সুসময়ের কৌশলী বিপ্লবী’ বলে আখ্যা দিয়েছেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি অভিযোগ করেন, পোশাক কারখানায় ভাঙচুরের ভিডিও ধারণ করায় শ্রমিক তৌফিক নিহত হওয়ার ঘটনায় বিএনপি সরকারকে দায়ী করেছেন সাদিক কায়েম। তবে এ অভিযোগের পক্ষে তাঁর কাছে কী প্রমাণ রয়েছে, তা প্রকাশের দাবি জানান রাশেদ।
রাশেদ খাঁনের দাবি, প্রত্যক্ষদর্শীদের বরাতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভাঙচুরের ভিডিও ধারণ করায় বিক্ষুব্ধ শ্রমিক পরিচয়ধারী দুর্বৃত্তরা তৌফিককে পিটিয়ে হত্যা করেছে। অথচ ঘটনাটির দায় সরকারের ওপর চাপিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
সাদিক কায়েমের অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলনের সময় সাদিক কায়েম ছাত্রলীগের মিছিলে অংশ নিয়েছিলেন।
তিনি আরও লেখেন, ‘কখনো আওয়ামী লীগ ফিরলে এই গুপ্ত সাদিক কায়েমরা আবারও ছাত্রলীগ হয়ে যাবে।’
রাশেদ খাঁনের অভিযোগ, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় একটি মহল বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে। শ্রমিকদের দাবি ও নতুন মজুরি নির্ধারণে সরকারের উদ্যোগের ফলে সেই পরিকল্পনা নস্যাৎ হয়েছে বলেও দাবি করেন তিনি।