মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আউটশাহী গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই যুবকের হামলায় ৮০ বছরের এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধ দ্বীন ইসলাম হাওলাদার (৮০) মঙ্গলবার টঙ্গিবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত দ্বীন ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তার সঙ্গে প্রতিবেশী আনোয়ার ঢালীর জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন তিনি নিজ জমিতে গরুর জন্য ঘাস কাটতে গেলে আনোয়ার ঢালী ও তার বন্ধু তাজমহল ঢালী তাকে কিল-ঘুষি মারতে শুরু করে। পরে একজন তাকে ধরে রাখে, আরেকজন কাফিলা গাছের ডাল দিয়ে আঘাত করে তার হাত ও পিঠ ফাটিয়ে দেয়।
এ সময় বৃদ্ধের নাতনি মারিয়া ঘটনাটি মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে হামলাকারীরা তাকে প্রাণনাশ ও ধর্ষণের হুমকি দেয়।
ভুক্তভোগীর মেয়ে শারমিন জানান, তাদের একমাত্র ভাই বিদেশে থাকেন এবং বোনদের বিয়ে হয়ে গেছে। বৃদ্ধ বাবা ও মা বাড়িতে একা থাকেন। সুযোগ বুঝে তার বাবাকে নির্জনে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার এসআই আ. রহিম বলেন, “ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মারধরের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”