দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি :
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় আরাফাত (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আরাফাত ওই গ্রামের হেলাল মিয়ার ছেলে। তিন ভাইবোনের মধ্যে সে মেঝো এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।
পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকেলে সর্বশেষ আরাফাতকে দেখা যায়। সন্ধ্যায় বাড়ি না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ৮টার দিকে বাড়ির পাশের একটি গাছে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
আরাফাতের বাবা হেলাল মিয়া জানান, তার ছেলে অসুস্থ ও মানসিক সমস্যায় ভুগছিল। প্রায়ই গাছে উঠে বসে থাকত। সেদিনও খোঁজাখুঁজির পর এক আত্মীয় গিয়ে গাছে ঝুলে থাকতে দেখে।
দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় তাদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।