জ্বালানি তেল, এলপিজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, নিত্যপণ্যের দাম মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এমনকি অনেক পরিবারে মাসিক ডিম খাওয়ার পরিমাণও অর্ধেকের বেশি কমাতে হয়েছে।
শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এনসিপির প্রচারপত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বাজারে গিয়ে সাধারণ মানুষ এখন এক বা দুই ধরনের সবজির বেশি কিনতে পারছেন না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্তের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। বাজেটের পর পণ্যের দাম বাড়েনি বা বাড়বে না বলে সরকারদলীয় সংসদ সদস্যদের দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের বক্তব্য জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
তিনি আরও বলেন, দেশে চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারত্ব ও সিন্ডিকেটের দৌরাত্ম্যে মানুষের দুর্ভোগ বাড়ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য সরকারের সমালোচনা করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের পদত্যাগ দাবি করেন।
এনসিপি আগামী ৩০ অক্টোবর বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ঘোষণা দিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে।