জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন পেলেও তা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনে পাওয়া অভিজ্ঞতা থেকে নিজেদের ভুলত্রুটি ও দুর্বলতা চিহ্নিত করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, ‘এই দেশ কুরআনের ভিত্তিতে পরিচালিত হবে, ইনশাআল্লাহ। এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করতে হবে।’ এ সময় তিনি দেশবাসীর জন্য আল্লাহর রহমত ও সহযোগিতা কামনা করেন।
গতকাল শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, যাঁদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে, তাঁদের আল্লাহ বিশেষ জ্ঞান ও যোগ্যতা দান করেছেন। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো চোরকে আর ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, আসন্ন সিটি নির্বাচনে সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে দিনরাত কাজ করতে হবে। জাতীয় নির্বাচনের ভুলত্রুটি নিয়ে পর্যালোচনা করা হয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার এগিয়ে গেলে ভুলের পুনরাবৃত্তি এড়ানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দেশ পরিচালনার দায়িত্ব কারা পাবে, তা জনগণই নির্ধারণ করবে বলেও মন্তব্য করেন তিনি।
সম্মেলনে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবার সুবিধাসম্পন্ন ‘নাগরিক সেবা’ অ্যাপের উদ্বোধন করেন জামায়াত আমির।
ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনটি পরিচালনা করেন সংগঠনটির সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, দলটির নেতা রফিকুল ইসলাম খান, মোবারক হোসেন, নুরুল ইসলাম বুলবুল এবং ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ অন্যান্য নেতারা।