জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানি। এ ঘটনাকে অশুভ সংকেত হিসেবে উল্লেখ করে আসিফ আকবরের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষতিগ্রস্ত গাড়ি ও আসিফ আকবরের ছবি প্রকাশ করে একটি স্ট্যাটাস দেন চিত্রনায়ক ওমর সানি। সেখানে তিনি লেখেন, ‘গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশুভ সংকেত। এটা হওয়া উচিত না, আসিফ তোমার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ ভালো রাখুন তোমাকে।’
এদিকে, ঘটনার বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গুলির সময় গাড়িতে উপস্থিত ছিলেন না আসিফ আকবর। ফলে তিনি অক্ষত রয়েছেন।
তবে এ হামলার পেছনে কোনো ব্যক্তিগত কিংবা পেশাগত বিরোধ রয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
জনপ্রিয় এই সংগীতশিল্পীর গাড়িতে গুলির ঘটনায় শোবিজ অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি প্রিয় শিল্পীর নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁর ভক্ত ও অনুরাগীরাও।