মোঃ হাচান আল মামুন দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ি শহরের শান্তিনগর এলাকায় দুই বছরের শিশু মো. তহিদুল আলম আভানকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। শুক্রবার (৩০ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহত আভানের বাবা মো. মোস্তাফিজুর রহমান একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। ঘটনার সময় তিনি কর্মসূত্রে পানছড়িতে অবস্থান করছিলেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা জানান, শিশুটিকে হত্যার অভিযোগে মা সাবিনা ইয়াসমিনকে আটক করা হয়েছে। তিনি মানসিকভাবে অস্থির বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘুমন্ত অবস্থায় শিশুটিকে বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শিশুর বাবা মোস্তাফিজুর রহমান জানান, “আমি কর্মস্থলে পানছড়িতে ছিলাম। সকালে ফোনে জানতে পারি ছেলে মারা গেছে। সাবিনা মানসিক চাপে ছিল, তবে এভাবে এমন কিছু করবে তা কল্পনাও করিনি।”
ওসি আরও জানান, শিশুহত্যার ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। আটক সাবিনা ইয়াসমিনকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তার মানসিক অবস্থার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।