জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে এ নিন্দা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে তিনি বলেন, রাজধানীর মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এ ধরনের সহিংসতা জননিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিকদের স্বাভাবিক জীবনযাপনের জন্য হুমকি সৃষ্টি করে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে গুলিবর্ষণের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ধরনের অপরাধ প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও উল্লেখ করা হয়।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়, জননিরাপত্তা বজায় রাখা এবং অপরাধীদের বিচারের আওতায় আনার মাধ্যমে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।