চট্টগ্রামের বাকলিয়ায় সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইকবাল হোসেন নামের ওই চিকিৎসকের সাহায্য চাওয়ার ৩৬ সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়ে। ওই সময় তার মুখে রক্ত দেখা যায়।
ইকবাল হোসেন চট্টগ্রাম নগরের ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ওই ভিডিওতে চিকিৎসককে বলতে শোনা যায়, ‘আমি ডাক্তার ইকবাল। বাকলিয়ায় পুরাতন চারতলায় আছি। আমাকে…বিএনপির হারুন; ওদেরকে সন্ত্রাসীদেরকে টাকা দিই নাই বলে আমাকে মারছে, আমাকে মারার জন্য খুঁজতেছে। আমি লুকাই আছি একটা ঘরের মধ্যে। ৯৯৯-এ ফোন দিয়েছি। ২০-৩০ মিনিট হয়ে গেছে ওরা আসতেছে না। আমার ভাগনে-ভাগনিকে নিয়ে গেছে। আমাকে বাঁচান ভাই।’
এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ‘বাকলিয়া থানার নুর বেগম জামে মসজিদের পাশে চিকিৎসক ইকবাল হোসেন একটি বাড়ির নির্মাণকাজ শুরু করেন। নিয়মবহির্ভূত এই ভবন নির্মাণ নিয়ে ওই চিকিৎসকের সঙ্গে একটি বৈঠকে অন্য পক্ষের হাতাহাতি হয়েছে। চিকিৎসককে মারধরের ঘটনায় বিএনপি নেতা জড়িত থাকার প্রমাণ আমরা পাইনি। তবে চিকিৎসক ইকবাল হোসেন দাবি করেন, চাঁদা না দেওয়ায় স্থানীয় বিএনপি নেতা হারুনের নেতৃত্বে হামলা হয়েছে। তাকে পুলিশ এসে উদ্ধার করেছে। পরে ইকবাল হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’