জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে তারেক রহমানকে ক্ষমতায় বসানোর জন্য দেশের মানুষ জীবন দেয়নি বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, বাংলাদেশে নতুন করে কাউকে স্বৈরাচারী শাসন কায়েম করতে দেওয়া হবে না।
শুক্রবার বিকেলে গাইবান্ধায় আয়োজিত এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
হাদি হত্যাকাণ্ডসহ জুলাই, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইনকিলাব মঞ্চের উদ্যোগে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা পৌর পার্কের জুলাই-৩৬ স্মৃতিস্তম্ভে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাবের।
‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা হলে প্রতিরোধ গড়তে হবে’
আব্দুল্লাহ আল জাবের বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ উঠলেই একটি পক্ষ অস্বস্তিতে পড়ে। তাঁদের ধারণা, দীর্ঘ ১৭ বছর পর লন্ডন ও ভারত থেকে ফিরিয়ে এনে মানুষ তাদের জোর করে ক্ষমতায় বসিয়েছে।
তিনি বলেন, কেউ আবার ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা কিংবা গুম-খুনের রাজনীতি শুরু করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এমন পরিস্থিতি তৈরি হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশ ছাড়ার প্রস্তুতি রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
হাদি হত্যার বিচার নিয়ে প্রশ্ন
হাদি হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে ইনকিলাব মঞ্চের এই নেতা অভিযোগ করেন, মামলার আসামিরা ভারতে পালিয়ে থাকলেও তাঁদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।
তিনি বলেন, হত্যাকাণ্ডের বিচার দাবিতে তাঁরা সারা দেশে কর্মসূচি পালন করছেন। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের সমর্থক হিসেবে পরিচিত ব্যক্তিরা জুলাই যোদ্ধাদের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। এসব ঘটনায় বর্তমান সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জাবের।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পদোন্নতি নিয়ে সমালোচনা
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে সরকার যথাযথ গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেন আব্দুল্লাহ আল জাবের।
তাঁর দাবি, ২০২৪ সালের জুলাই আন্দোলনের বিরোধিতাকারী এবং আন্দোলনকারীদের হত্যা ও পঙ্গুত্বের জন্য দায়ী ব্যক্তিদের কেউ কেউ পদোন্নতি পাচ্ছেন। অন্যদিকে, নিজ দলের দীর্ঘদিনের কর্মীদের সরিয়ে অন্যদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হচ্ছে। এ ধরনের সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি।
দেশে বিভিন্ন ক্ষেত্রে সংকট থাকলেও সরকার সেসব বিষয়ে যথাযথ মনোযোগ দিচ্ছে না বলেও অভিযোগ করেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। তাঁর ভাষ্য, ক্ষমতায় যাওয়ার পর সরকার অনেক গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছে না।
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে নেতাকর্মীরা
সমাবেশে ইনকিলাব মঞ্চের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, সংগঠনটির সদস্য সাফিন ও সাব্বির এবং জুলাই আন্দোলনে শহীদ সজলের মা শাহানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে রংপুর থেকে পীরগঞ্জ হয়ে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি নিয়ে গাইবান্ধায় পৌঁছান আব্দুল্লাহ আল জাবের। পরে কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন অংশগ্রহণকারীরা।