রবিউল ইসলাম , শিবগঞ্জ প্রতিনিধি:
১১-দলীয় জোট বেহেশতের লোভ দেখিয়ে মানুষের ভোট নিয়ে এখন বিরোধী দলের আসনে বসে দায়িত্বহীন আচরণ করছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতির পরিস্থিতিতে বিএনপি জনগণের সরকারহিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। সরকারের বয়স মাত্র ছয় মাস, এরই মধ্যে বিরোধী দলের এক দফা দাবির কথা বলা হাস্যকর। তিনি দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান।
শুক্রবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে তার নির্বাচনী এলাকার পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান শেষে সাংবাদিকদের ব্রিফিং কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন,হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের অতি আপনজন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে কোনো ভেদাভেদ করে না। গত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারেক রহমান ও ধানের শীষের প্রতি ভালোবাসার প্রমাণ দিয়েছেন। বিএনপিও প্রমাণ করেছে, আমরাও আপনাদেরই মানুষ। বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাস করে। শারদীয় দুর্গাপূজা যেন সারা দেশে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হতে পারে, সে জন্য সরকার ও বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে। তাদের সামাজিক নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একসময় একটি রাজনৈতিক দল মনে করত, হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের রাজনৈতিক সম্পদ। কিন্তু গত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ ভোটের মাধ্যমে প্রমাণ করেছেন, তাঁরা কোনো দলের দাসত্ব করেন না। তাঁরাও স্বাধীনভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার রাখেন। আমরা তাঁদের আত্মার আত্মীয় হিসেবে পাশে থাকতে চাই।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) বিষ্ণুপদ পাল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক এবং সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল।
এসময় প্রতিমন্ত্রী নিজস্ব তহবিল হতে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৬৫ টি দূর্গাপূজা মন্ডপে নগদ অর্থ বিতরণ করেন।