জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে এখনো মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। গণভোটের রায়কে অস্বীকার করা এবং জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে। এ পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জনে জামায়াতের নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
গত শুক্রবার টঙ্গীর তামিরুল মিল্লাত মাদ্রাসায় জামায়াতের গাজীপুর মহানগরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহা. জামাল উদ্দীন।
শফিকুর রহমান অভিযোগ করেন, বর্তমান সরকার বিচার ও শিক্ষা বিভাগে অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পথেই হাঁটছে। এভাবে চলতে থাকলে বর্তমান সরকারের পরিণতিও শেখ হাসিনার সরকারের মতো হতে পারে। তাঁর ভাষায়, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে বলে মনে হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে ক্ষমতাসীন বিএনপির পছন্দের লোক বসানো হচ্ছে। এতে জনগণের ভোটের ভিত্তিতে পরিচালিত ব্যবস্থার পাশাপাশি দলীয় পছন্দনির্ভর ব্যবস্থা তৈরি হচ্ছে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নেতা-কর্মীদের সক্রিয়ভাবে কাজ করে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এদিকে, সন্ত্রাসী হামলায় আহত বরগুনার জামায়াত নেতা শামীম আহসানকে রাজধানীর পঙ্গু হাসপাতালে দেখতে গিয়ে শফিকুর রহমান হামলা, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের দাবি জানান। তিনি দেশে সুস্থ ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানান।