সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে মহানবী হজরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে এক বাবা-ছেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় মুসল্লিরা। ঘটনার পর থানায় বিচারের দাবিতে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী পাঠাতে হয়।
রবিবার বিকেলে পৌরসভার হানিফ পাগলা মোড় এলাকার একটি সেলুন থেকে ওই বাবা-ছেলেকে আটক করা হয়। অভিযুক্তদের নাম পরেশ চন্দ্র শীল ও তার ছেলে বিষ্ণু চন্দ্র শীল। তারা সাপটানা নবীনটারী এলাকার বাসিন্দা এবং পেশায় নরসুন্দর। স্থানীয়দের মতে, তারা ওই সেলুনে কাজ করতেন।চুল কাটতে গিয়ে কটূক্তির শিকার
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ওইদিন নামাটারী এলাকার নাজমুল ইসলাম চুল কাটাতে গেলে পরেশ চন্দ্র শীল ইসলাম ধর্ম এবং মহানবী হজরত মোহাম্মদ (সা.) কে নিয়ে অশোভন মন্তব্য করতে থাকেন। নাজমুল যখন প্রতিবাদ করেন, তখন চারপাশের মানুষ ছুটে আসেন। উত্তপ্ত পরিস্থিতিতে স্থানীয়রা ওই বাবা-ছেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
অভিযোগ ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ মুসল্লিদের একটি দল লালমনিরহাট সদর থানায় এসে বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়। সেনাবাহিনীর আশ্বাসে কিছুক্ষণ পর উত্তেজনা কমে।
স্থানীয়দের অভিযোগ, গত এক মাস আগেও ঐ একই সেলুনে চুল কাটাতে গিয়ে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির শিকার হয়েছেন সাজিদ হোসেন নামের এক যুবক। তবে সেসময় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা।
লালমনিরহাট সদর থানার ওসি মো. নুরনবী জানান, “ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় বাবা-ছেলেকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।”