সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওর সূত্র ধরে নগরীর বিভিন্ন ওয়ার্ডে দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লিখে প্রচার করা যুবক মনির হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের জেলে বাড়ির পোল সংলগ্ন সুরেন্দ্র ছাত্রাবাসের সামনে থেকে কোতয়ালি মডেল থানা পুলিশ তাকে আটক করে। পুলিশ জানায়, আটক মনির হাওলাদার নগরীর ২ নম্বর ওয়ার্ডের জেলে বাড়ি পোল সংলগ্ন এলাকার বাসিন্দা রসিদ হাওলাদারের ছেলে।
কোতয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সারাদেশে চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে মনির হাওলাদারের কার্যক্রম নজরে আসে। ১০ ফেব্রুয়ারি দিবাগত রাতে তিনি নগরীর বিভিন্ন এলাকায় দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লিখে ভিডিও ধারণ করেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
ওসি আরও বলেন, পুলিশ মঙ্গলবার রাতে ১৯ নম্বর ওয়ার্ডের জেলে বাড়ির পোল সংলগ্ন সুরেন্দ্র ছাত্রাবাসের সামনে থেকে তাকে আটক করে। এসময় দেহ তল্লাশি চালিয়ে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় শহরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন, ‘জয় বাংলা’ স্লোগানের জন্যই তাকে টার্গেট করা হয়েছে, আবার কেউ মনে করছেন, এটি পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানেরই অংশ। তবে পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, তা যে পরিস্থিতিতেই হোক না কেন।