মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নে ২ হাজার ৩০৫ কৃষক পরিবারের জন্য ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ছোট মেরুং উচ্চবিদ্যালয় মাঠে এ কার্যক্রমের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ছোট মেরুং উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কৃষকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোর্তজা আলী খান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নাছির উদ্দীন চৌধুরী, জেলা পরিষদের সদস্য মো. মোশারফ হোসেন, সদস্য এম এ আফসার ও সদস্য অ্যাডভোকেট মালেক মিন্টু।
এ ছাড়া উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি মো. আল আমিন, পাঁচ ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারিয়া সুলতানা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমন।
সংশ্লিষ্টরা জানান, ‘কৃষক কার্ডের’ মাধ্যমে কৃষকদের কাছে সরকারি কৃষিসেবা ও সহায়তা সহজে এবং সরাসরি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, কৃষিঋণ, প্রশিক্ষণসহ বিভিন্ন কৃষিসেবা পাওয়ার সুযোগ থাকবে। সরকারি কৃষক কার্ড কর্মসূচির আওতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন সেবা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির প্রি-পাইলট কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি সম্প্রসারণ করা হচ্ছে।
মেরুং ইউনিয়নের ২ হাজার ৩০৫ কৃষক পরিবারের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে স্থানীয় কৃষকদের সরকারি কৃষিসেবা পাওয়ার সুযোগ আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।